লালমনিরহাটে নারীদের দক্ষতা, আত্মবিশ্বাস ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ক্ষুদ্র ব্যবসা এবং কৃষি ভিত্তিক আয়বর্ধক উদ্যোগে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ২দিন ব্যাপী দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধ ও বৃহস্পতিবার (১৬ ও ১৭ সেপ্টেম্বর) লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন হয়।
উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)-এর বাস্তবায়নে সোস্যাল চেইঞ্জ ফর উইম্যান এন্ড ইয়ুং পিপল লিড ইনিশিয়েটিভস প্রকল্পের আয়োজনে এবং অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক ছিলেন লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হোসাইন মোঃ রাকিবুর রহমান। প্রশিক্ষক ছিলেন লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ শাওন হোসাইন।
২দিন ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের উদ্যোক্তা উন্নয়ন, বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও টিকাদান, ব্যবসায়িক পরিকল্পনা, মূলধন ব্যবস্থাপনা, সঠিক হিসাব সংরক্ষণ এবং মধ্যস্বত্বভোগী এড়িয়ে সরাসরি পণ্য বিপণন বিষয়ে ধারণাগত ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।
এছাড়াও প্রশিক্ষণে সরকারি বিভিন্ন সেবা, সহজ শর্তে ব্যাংক ঋণ সহায়তা এবং সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারী নারী নিজ নিজ উদ্যোগের জন্য একটি বাস্তবসম্মত ৩০দিনের কর্মপরিকল্পনা প্রস্তুত করেন। প্রশিক্ষণ শেষে সফল মূল্যায়নের ভিত্তিতে অংশগ্রহণকারীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
সমাপনী বক্তব্যে প্রধান অতিথি ডা. হোসাইন মোঃ রাকিবুর রহমান বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এবং স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র খামার ও ব্যবসার প্রসারে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি অংশগ্রহণকারী নারীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের উদ্যোগকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবার ও সমাজে তাঁদের ভূমিকা আরও শক্তিশালী করাই এ প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য যে, প্রশিক্ষণে ২৪জন নারী অংশগ্রহণ করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.