লালমনিরহাটের পাটগ্রামে ৬বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মজিব উদ্দিন ওরফে সেলিম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৯ আগস্ট) রাতে অভিযান চালিয়ে হাতীবান্ধা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেলিম পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইসলামনগর এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে এবং অভিযুক্ত সেলিম উপজেলার মোমিনপুর দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন শিশুটি নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী মজিব উদ্দিন ওরফে সেলিম মোবাইলে ভিডিও দেখানোর লোভ দেখিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে।
কিছুক্ষণ পর শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় জানান, যৌন নির্যাতনের শিকার ৬বছর বয়সী ওই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষার সময় তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে ধরতে অভিযানে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেলিম পালিয়ে গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করা হয়। পরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলায় বোনের বাড়িতে যাওয়ার পথে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পাটগ্রাম থানা পুলিশ।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় হাতীবান্ধা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাটগ্রাম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন বলও জানান তিনি। গ্রেপ্তারকৃত আসামিকে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.