লালমনিরহাটের কালীগঞ্জে ডাকাতি মামলার প্রধান অভিযুক্তকে র্যাবের অভিযানে গ্রেফতার করেছে।
শনিবার (২০ জুন) বিকাল ৪টা ৪৭মিনিটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।
বাদী মোঃ রবিউল ইসলাম (৩০) এর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, বাদী একজন গরু ব্যবসায়ী। তিনি গত ২০ ফেব্রুয়ারি স্থানীয় চাপারহাটে ৩টি গরু ৩লক্ষ ৪চার হাজার টাকায় বিক্রি করে তার সঙ্গীয় অপর ভিকটিম মোঃ মিষ্টার আলীকে নিয়ে বাড়ি ফেরার পথে ধৃত আসামি ও তার সহযোগীরা মোটর সাইকেল যোগে বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে ভিকটিমদের পথরোধ করে এবং আসামিদের মুরগির খামারে জোর পূর্বক নিয়ে যায়। আসামিরা তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র ও কালো রংয়ের পিস্তল বের করে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ভিকটিমের কলার ধরে গরু বিক্রির টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয় এবং নগদ ও বিকাশ হতে সর্বমোট ৮লক্ষ ২৪হাজার ১শত ৭টাকা বিভিন্ন মোবাইলে ট্রানজেকশন করে ভিকটিমদের মাফলার দিয়ে চোখ ও দড়ি দিয়ে দুইহাত পিছনে বেঁধে মারপিট ও হত্যার হুমকি দিয়ে মোটর সাইকেলযোগে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমদের পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় রাতভর খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। উক্ত ঘটনায় ভিকটিম মোঃ রবিউল ইসলাম বাদী হয়ে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় আসামিদের বিরুদ্ধে গত ৩ এপ্রিল ধারা-৩৯৫/৩৪ পেনাল কোডে একটি ডাকাতি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩/৭৮।
উক্ত ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৩নং তুষভান্ডার ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাশীরাম মনিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ডাকাতি মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মোঃ মোমছেদুল খান বুলবুল (৩৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। সে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার উত্তর মুরারত এলাকার মোঃ বেলাল মেম্বারের ছেলে।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ডাকাতি, অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ় প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.