লালমনিরহাটে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দায়েরকৃত হত্যা মামলার এজাহারনামীয় ৩জন আসামিকে র্যাবের অভিযানে রংপুর থেকে গ্রেফতার করেছে।
রোববার (১৪ জুন) বিকাল ৪টা ১৮মিনিটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।
বাদী মোছাঃ রহিমা বেওয়া (৭০) এর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, বাদী ও ভিকটিম এবং ধৃত আসামিগণ সম্পর্কে জ্ঞাতি গোষ্ঠী। দীর্ঘদিন ধরে বাদীর পরিবার ও ধৃত আসামিদের পরিবারের সাথে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে মঙ্গলবার (২ জুন) সকাল ৯টায় বাদীর ছেলে ভিকটিম মোঃ উজ্জল মিয়া (২৬) পার্শ্ববর্তী বাড়ি হতে নিজ বাড়ির গেটের সামনে আসা মাত্র ধৃত আসামিগণ ও তাদের সহযোগী ৫/৭জন আসামিগণ পূর্ব বিরোধের জেরে হাতে রাম দা, ধারালো ছোরা, বটি, লাঠি সোটা নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে ভিকটিমের বসতবাড়ির গেট খুলে অনাধিকার প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে ধৃত আসামিদের হাতে থাকা ধারালো ছোরা ও রামদা দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ীভাবে মারপিট করে ও কুপিয়ে রক্তাক্ত জখম করলে ভিকটিম উক্তরুপ আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে পড়ে গেলে ধৃত আসামিরা ভিকটিমকে শ্বাসরোধ করে গলাটিপে হত্যার চেষ্টা করে। ভিকটিমের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ধৃত আসামিগণ ও সহযোগী আসামিরা ভয়ভীতি প্রদর্শন করে উক্ত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে লালমনিরহাট জেলা আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ জুন) রাত ১টায় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে লালমনিরহাট জেলা আদিতমারী থানায় আসামিদের বিরুদ্ধে সোমবার (৮ জুন) ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩৯৭/৩০২/৫০৬/১১৪৩৪ পেনাল কোড-১৮৬০ মূলে একটি হত্যা মামলার দায়ের করেন। যার মামলা নং-০৫।
ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকান্ড হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সিপিএসসি রংপুর শনিবার (১৩ জুন) দুপুর ২টা ৪৫মিনিটে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানাধীন মডার্ন মোড় এলাকায় সৈয়দপুর হতে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস বাসে অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার আদিতমারী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ৫, ৬ এবং ৮নং এজাহারনামীয় আসামি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ি এলাকার সাহেদ আলী মুন্সির পুত্র মোঃ ফজলুল হক (৪২), মোঃ ফজলুল হকের স্ত্রী মোছাঃ ছকিনা বেগম (৩৮), মৃত ইমান আলীর স্ত্রী মোছাঃ লাইলী বেগম (৫০) দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি, হত্যা, অপহরণ, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, যৌতুকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.