লালমনিরহাটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে এবং লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ লালমনিরহাট জেলা পর্যায়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট এবং সাঁতার প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মে) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। বক্তৃতা প্রদানের সময় তিনি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ লালমনিরহাট জেলার অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং দীর্ঘদিন পর পুনরায় শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে এ অঞ্চলের ছেলে-মেয়েরা একদিন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে আশা ব্যক্ত করেন।
লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাসেল মিয়া-এঁর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত শনিবার (২ মে) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে "নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬" এর শুভ উদ্বোধন করেন। এ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশের ন্যায় লালমনিরহাট জেলাতেও ভার্চুয়ালি সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় লালমনিরহাট জেলা স্টেডিয়ামে। লালমনিরহাটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এম.পিসহ লালমনিরহাট জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, অংশগ্রহণকারী খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গত ২ মে বিকেল থেকে শুরু হয়ে ১০ মে পর্যন্ত পর্যায়ক্রমে এ স্পোর্টসের অন্তর্ভুক্ত ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স (লং জাম্প, ১০০ মি. ও ২০০ মি. দৌড়) এবং মার্শাল আর্টসহ ৮ ইভেন্টের (বালক ও বালিকা অনুর্ধ্ব-১৪) এর ফাইনাল অনুষ্ঠিত হয়।
উক্ত স্পোর্টসে ২ মে ২০১২ থেকে ২ মে ২০১৪ এর মধ্যে যেসব বালক-বালিকাদের জন্ম তারাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এ প্রতিযোগিতায় লালমনিরহাট জেলাতে প্রায় ১হাজার কিশোর-কিশোরী অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করে।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি, মেডেল, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য যে, "ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা", "স্বপ্নের পথে, বিজয়ের সাথে" প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ লালমনিরহাট জেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠিত হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.