গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বাল্যবিবাহ করালে লাইসেন্স বাতিল করা হবে। বাল্যবিবাহ নিবন্ধনে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় লালমনিরহাট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা কাজী সমিতির ব্যবস্থাপনায় লালমনিরহাট জেলার নিবন্ধিত মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকগণের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, বাল্যবিবাহ একটি সুন্দর জীবনকে শুরুতেই বাধাগ্রস্ত করে। বয়স জালিয়াতি করে বাল্যবিবাহ নিবন্ধন করা হচ্ছে। যে নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে বাল্যবিবাহ সম্পন্ন বা রেজিস্ট্রি হবে, তার বিরুদ্ধে শুধু মামলা নয়, বরং তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ স্থায়ীভাবে লাইসেন্স বাতিল করা হবে।
রেজিস্ট্রারদের উদ্দেশ্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, বিয়ের আগে বর ও কনের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে রেজিস্ট্রি করতে হবে। কোনো চাপের মুখে বা কোন প্রলোভনে পড়ে বাল্যবিবাহ নিবন্ধন করা যাবে না।
আসাদুল হাবিব দুলু বলেন, যেখানেই বাল্যবিবাহের খবর পাওয়া যাবে, সেখানে স্থানীয় প্রশাসনকে অবহিত করে তা রুখে দিতে হবে। বিবাহ বিচ্ছেদ বা তালাকের প্রবণতা রোধে নিকাহ রেজিস্ট্রারদের অবশ্যই সচেতন ও দায়িত্বশীল হতে হবে। শুধু আইনি প্রক্রিয়া নয়, পারিবারিক বন্ধন টিকিয়ে রাখতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারেও নিকাহ রেজিস্ট্রারদের এগিয়ে আসতে হবে।
বিবাহ নিবন্ধকদের আসাদুল হাবিব দুলু আরও বলেন, আপনারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। বিয়ের নিবন্ধনের সময় যেমন সতর্ক থাকতে হবে, তেমনি বিচ্ছেদ ঠেকাতেও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে হবে। যৌতুক ও বাল্যবিবাহ একে অপরের পরিপূরক। এই দুটি ব্যাধি নির্মূল করতে পারলে সমাজে তালাকের হার এমনিতেই কমে আসবে।
আসাদুল হাবিব দুলু আরও বলেন, একটি আলোকিত ও সমৃদ্ধ লালমনিরহাট গড়তে নতুন প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
মতবিনিময় সভায় লালমনিরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান-এঁর সভাপতিত্বে এ সময় লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট জেলা কাজী সমিতির সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ লালমনিরহাট জেলার বিভিন্ন পর্যায়ের নিকাহ রেজিস্ট্রারগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.