লালমনিরহাটে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাড. আবু তাহেরের একটি নিরাপদ মানবিক লালমনিরহাট-৩ এর ইশতেহার ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় লালমনিরহাটের মুন স্টার রেস্টুরেন্টে ও পার্টি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট সদর উপজেলার আয়োজনে এ ইশতেহার ঘোষণা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী ইশতেহার পাঠ করেন ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ আবু তাহের। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জোটভুক্ত দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইশতেহারে ঘোষণায় মোঃ আবু তাহের বলেন, মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে লালমনিরহাট সদর উপজেলাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এ উদ্দেশ্যে সেক্টর ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
ইশতেহারে শিক্ষা খাতে শতভাগ সাক্ষরতা নিশ্চিতকরণ, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সুবিধা সম্পন্ন স্মার্ট স্কুল স্থাপন, কারিগরি শিক্ষা ও আইটি প্রশিক্ষণ জোরদার করার প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা সহায়তা তহবিল ও আন্তর্জাতিক বৃত্তি সহায়তা কেন্দ্র স্থাপনের কথাও উল্লেখ করা হয়।
কৃষি খাতে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক বাজার’ স্থাপন, বিনা সুদে ঋণ প্রদান, কোল্ড স্টোরেজ ও ফুড প্রসেসিং শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথা বলা হয়। তিস্তা ও ধরলা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং ড্রেজিং কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকারও রয়েছে ইশতেহারে।
স্বাস্থ্য খাতে ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণ, মোবাইল স্বাস্থ্য ইউনিট চালু, দরিদ্রদের জন্য স্বাস্থ্যসেবা কার্ড প্রবর্তন এবং সরকারি হাসপাতাল আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি বেকারত্ব দূরীকরণ, যুব ও নারী কর্মসংস্থান, ভিক্ষুক পুনর্বাসন এবং ‘ওয়ান ফর অল’ প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারে অন্তত একজন দক্ষ সদস্য গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি।
এ ছাড়া যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, কাঁচা রাস্তা পাকাকরণ, জলাবদ্ধতা নিরসন, পর্যটন কেন্দ্র উন্নয়ন, যুব ও ক্রীড়া সুবিধা সম্প্রসারণ এবং সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি বিরোধী কমিটি গঠনের ঘোষণাও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়।
তিনি আরও বলেন, এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে লালমনিরহাট সদর উপজেলাকে একটি পরিকল্পিত, মানবিক ও উন্নত জনপদে রূপান্তর করা সম্ভব হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.